পাঁচ মাস পর আজ বিমানের ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালু হচ্ছে

করোনা ভাইরাস মহামারির কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়ালালামপুর রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে। ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে সপ্তাহে দুই দিন যথাক্রমে মঙ্গল ও শুক্রবার এবং কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে বুধ ও শনিবার বিমানের ফ্লাইট পরিচালিত হবে। বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের সবগুলোই বন্ধ হয়ে যায়। পরে জুন থেকে ধীরে ধীরে খুলে দেওয়া হয় বিভিন্ন আন্তর্জাতিক আকাশ পথ। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। বাংলাদেশ বিমান ছাড়াও ঢাকা-কুয়ালালামপুর রুটে গত ১৬ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস।