প্রিন্সেস ডায়ানার চরিত্রে এলিজাবেথ ডেবিকি

মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’-এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে এবার অভিনয় করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি। ‘দ্য ক্রাউন’-এর পঞ্চম ও ষষ্ঠ সিজনে প্রিন্সেস ডায়ানার চরিত্রের জন্য এলিজাবেথের নাম চূড়ান্ত হয়েছে। এর আগে চতুর্থ সিজনে ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ নবাগত অভিনেত্রী এমা কোরিন।

এলিজাবেথ ডেবিকি পঞ্চম ও ষষ্ঠ সিরিজে ৯০-পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহে ডায়ানার চরিত্র তুলে ধরবেন। এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে এই সময়টাকে মনে করা হয়। ১৯৯৭ সালে মধ্যরাতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডায়ানার। পরবর্তী সময়ে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল ধূম্রজাল।

দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি হত্যা, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। এসব কারণে বিশ্বব্যাপী আজও আলোচিত এক চরিত্র হয়ে আছেন প্রিন্সেস ডায়ানা। ডায়ানার চরিত্রে অভিনয় প্রসঙ্গে এলিজাবেথ ডেবিকি বলেন, ‘প্রিন্সেস ডায়ানার সতঃস্ফূর্ততা, কথাবার্তা, বাচনভঙ্গি কোটি মানুষের হৃদয়ে এখনো গেঁথে রয়েছে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পারাটা সত্যিই আমার জন্য দারুণ সম্মানের।’—সিএনএন