তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে তোপের মুখে আমির খান

তুরস্কে লাল সিং চাড্ডা সিনেমার শ্যুটিং করতে গিয়ে সেদেশের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলিউড অভিনেতা আমির খান। এমিনি এরদোয়ান ও আমির খানের সাক্ষাতের সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। কয়েক মাস ধরেই ভারত আর পাকিস্তান এটা–সেটা নিয়ে লেগেই আছে। বেশ একটা যুদ্ধংদেহী পরিবেশ বিরাজ করছিল ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে। এর মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ায় ভারতের সমালোচনাও করেছে তুরস্ক। তাই ভারতের স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা; তীব্র নিন্দা জানিয়েছেন এই বলিউড তারকার প্রতি। এছাড়া পাকিস্তানের সংসদে কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মন্তব্যকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। তাই আমির খানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরব নেট দুনিয়া। 

এদিকে আমির খানের এই ছবি টুইট করে এমিনি এরদোয়ান লিখেছেন, ‘ইস্তাম্বুলে আমির খানের সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগল। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। আমির খান তাঁর “লাল সিং চাড্ডা” ছবির শেষ অংশের শুটিং করবেন এখানে, তুরস্কের বিভিন্ন অঞ্চলে। এটা জানতে পেরে আমি বেজায় খুশি। ছবিটা দেখার জন্য তর সইছে না।’

চলতি মাসের প্রথমেই এই ছবির শেষ কয়েকটি দৃশ্যের শ্যুটিং করতে তুরস্কে গিয়েছিলেন আমির খান।  সেই সময় হয়েছে এই সৌজন্য সাক্ষাৎ। করোনা আবহে অক্ষয় কুমারের বেল বটম আর লাল সিং চাড্ডার, শ্যুটিং হয়েছে আন্তর্জাতিক ময়দানে। 

অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবি ফরেস্ট গাম্প ছবির বলিউড রিমেক।  এই ছবিতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান।  ২০২১-এর ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ