দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত ভাবে যাত্রী নিয়ে রাস্তায় গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও সরকারের বেঁধে দেয়া বিধিনিষেধসহ স্বাস্থ্যবিধি মানছে না জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনের মালিক-শ্রমিকরা। এছাড়াও অতিরিক্ত যাত্রী বহনসহ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলে কিছু শর্ত দিয়ে ৬০শতাংশ ভাড়া বাড়িয়েছিল সরকার। ফলে গণপরিবহন চলাচল শুরু হলে জয়পুরহাট-পাঁচবিবি ও পাঁচবিবি-হিলি রুটের যাত্রীদের কাছ থেকে ১৫ টাকার স্থলে বর্ধিত ভাড়া নেওয়া হয় ২৫ টাকা। গত একসপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি না মেনে জয়পুরহাট-পাঁচবিবি-হিলি রোডের যাত্রীবাহী বাসে দুই সিটে একজন যাত্রী বসানোর নিয়ম ভেঙ্গে এখন আসন ভর্তির পর দাঁড় করিয়েও যাত্রী নেওয়া হচ্ছে। কিন্তু ভাড়া কমানো হয়নি। উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান-রিক্সা ও সিএনজিতে যাত্রী সেবার একই অবস্থা। প্রায় যাত্রীদের সাথে চালক ও কন্ডাক্টরের বাগবিতণ্ডা হতে দেখা যাচ্ছে।
জয়পুরহাট মিনি বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন বলেন, আমরা শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চালার নির্দেশনা দিয়েছি। মাঝে মধ্যে মনিটরিংও করছি।
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জোর পূর্বক যাত্রীরা উঠে পড়লে এই সুযোগ কতিপয় শ্রমিকরা নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসাইন বলেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানার কারণে শীঘ্রই অভিযান চানানো হবে।
ইত্তেফাক/এমআরএম