জেলার ইসলামপুরে গোয়ালের চর ইউপি চেয়ারম্যানের নামে বরাদ্দ করা ভিজিডি ও জিআরের ২৭ মেট্রিক টন ৬৬০ কেজি চাল জব্দ করেছে ইসলামপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। চাল সিলগালা করে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে শোকোজ করা হয়েছে বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টায় এনএসআইয়ের তথ্যে ভিত্তিতে এবং তাদের প্রত্যেক্ষ সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর শহরের দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর এর মালিকানাধীন মিম এন্টারপ্রাইজ গোদাম থেকে ৬০০ বস্তা জিআর চাল এবং ৩২২বস্তা ভিজিডি চাল মোট ২৭ মেঃ টন ৬৬০ কেজি চাল জব্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সব চাল গোয়ালেরচর ইউনিয়নের দুস্থদের মাঝে ৪দিন আগে তাৎক্ষণিকভাবে বিতরণের কথা থাকলেও উত্তোলনের পর আওয়ামী লীগের নেতার গোদামে মজুদ রাখা হয়। এছাড়াও জব্দকৃত ভিজিডির চালগুলো প্রায় এক মাস আগে উত্তোলন করা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, বরাদ্দকৃত চাল বিতরণ না করায় সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য ছিলো কিনা তা তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে বলে জানা।
ইত্তেফাক/আরকেজি