করোনাকালীন সংকটে সদ্য প্রয়াত ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ (ডিলু) এর পুত্র গালিবুর রহমান শরীফ (গালিব) ২৫ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পাবনা-৪ আসনের ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সহায়তা প্রদানের প্রথম ধাপে ঈশ্বরদী উপজেলার খাইরুজ্জামান বাস টার্মিনালের অসহায় শ্রমিকদের মাঝে ও ঠাকুরবাড়ী সনাতন হিন্দু ধর্মাবলম্বী এবং ঈশ্বরদী দাসপাড়া হরিজন সম্প্রদায়ের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এরপর রিকশাচালক ও মাইক্রোবাস চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক মন্ত্রীর পুত্র গালিব। আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও আটঘরিয়া পৌরসভায় অসহায় পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের সকল শ্রেণি ও পেশার মানুষের মাঝে ধারাবাহিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গালিবুর রহমান শরীফ (গালিব) বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী ও আটঘোরিয়া এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করেছি। করোনা সংকটে এলাকার মানুষ এখনও বিপর্যস্ত। আমার বাবা সারাজীবন ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষের পাশে থেকেছেন। এলাকার কোন মানুষ এই দুঃসময়ে যেন না খেতে পেয়ে কষ্ট ভোগ করে। তাই আমরা এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে এ যাবৎ ২৫ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করেছি। এলাকার মানুষ যতদিন এই দুঃসময় হতে পরিত্রাণ না পাবে, ততদিন আমরা সহযোগিতা করেই যাবো।’
আরও পড়ুন: পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় শ্রিংলা
তিনি আরও বলেন, ‘আমার বাবা সবসময় ঈশ্বরদী ও আটঘোরিয়ার অসহায় মানুষের পাশে থেকে সকল সংকটাপন্ন পরিস্থিতিতে সহায়তা করে গেছেন। আজ তিনি নেই, বাবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অত্র এলাকা থেকে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।’
উল্লেখ্য, গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মৃত্যুবরণ করেন। এরপর থেকে করোনা পরিস্থিতির মধ্যে তার পরিবার এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
ইত্তেফাক/এএএম