জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ এর অভিনেত্রী প্রেক্ষা মেহতা গত সোমবার রাতে আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যার আগে লিখে রেখে গেছেন সুইসাইড নোট। আর মৃত্যু আগে নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, স্বপ্নের মৃত্যু হওয়াই সবচেয়ে খারাপ।
এনডিটিভির খবরে বলা হয়, মাত্র ২৫ বছর বয়সেই নিজের জীবন শেষ করে দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন আত্মহত্যার মতো চরম পথ। মধ্যপ্রদেশের ইন্দোরে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ওই টেলিভিশন অভিনেত্রী। মঙ্গলবার সকালে তার পরিবার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধারে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে চরম হতাশায় পড়ে আত্মহত্যা করেন তিনি। এছাড়াও, প্রেক্ষা মেহতা লকডাউনের আগেই মুম্বাই থেকে বাড়িতে ফিরেন। করোনায় চলমান লকডাউনে কাজ করতে পারছিলেন না তিনি। সে কারণেই চরম হতাশায় ভুগছিলেন অভিনেত্রী।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রেক্ষা মেহতা একটি সুইসাইড নোট লিখে রেখে গেছেন। হীরা নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজীব ভাদোরিয়া পিটিআইকে বলেন, প্রাথমিক তদন্তের পর আমরা যেটুকু বুঝতে পারছি যে, তিনি হতাশায় ভুগছিলেন। আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছি।
আরও পড়ুন: ভেঙে গেলো কার্তিক-সারার প্রেম!
তবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রেক্ষা মেহতা বলেছেন, সবসে বুরা হোতা হ্যায়, স্বপ্নো কা মর জানা (স্বপ্নের মৃত্যু হওয়াই সবচেয়ে খারাপ বিষয়)।
ইত্তেফাক/আরআই