চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনে একটি পরিত্যক্ত ডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত পরিত্যক্ত জায়গা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা শরৎঘোনা এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)। তারা উপজেলা সদর ইউনিয়নের বায়তুন নুর পাড়ায় রাবেয়া বেগমের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ময়না আক্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের পিছনে পরিত্যাক্ত জায়গা থেকে শাক তুলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায়। মেয়ে রাতে বাসায় না ফেরায় সকালে খুঁজতে বের হয় মা রাশেদা বেগম। পরিত্যক্ত জায়গায় ময়নার মৃত দেহ দেখে মা চিৎকার দিয়ে মেয়েকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত পরিবারের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম সারওয়ার জাহান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অবৈধ লাইনের বিদ্যুতের ছেঁড়া তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ