মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও স্থান থেকে দোকান মালিকসহ ৮ জনের কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পরে রাত দশটার দিকে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮,৬১ আইন ধারা ২৪(১) অনুযায়ী স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় সুব্রত দাশকে (দশ হাজার), সিদ্দিককে (দশ হাজার), আ. আজিজকে (দুই হাজার), নাজিমকে (দুই হাজার), নুরুল ইসলামকে (দুই হাজার), আবু নাসেরকে (দশ হাজার), খাইরুলকে (দশ হাজার) ও ফয়সালকে (আট হাজার) টাকাসহ মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬, শনাক্ত ৩২০০
শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বলেন, ‘সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। বিনা কারণে এদিক সেদিক ঘুরে বেড়ায়।’
তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ইত্তেফাক/এএএম