মেহেরপুরের গাংনীর চেংগাড়া গ্রামে করোনায় মহাসিন আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাসিন আলী চেংগাড়া পূর্বপাড়ার মফিজউদ্দীনের ছেলে।
মৃতের পরিবারের সদস্যরা জানায়, মহাসিন আলী টাইফয়েড ও মুখে ক্ষতসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে গত ৪ আগস্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার সর্দি ও জ্বর হওয়ার কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসলে সেখানেই রাখা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রিয়াজুল আলম বলেন, ‘করোনায় মৃত মহাসিন আলীর বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।’
আরও পড়ুন: ৫ লাখ টাকা নিয়েও গুলি করে হত্যা, ২৭ পুলিশের বিরুদ্ধে মামলা
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ বলেন,‘করোনা আক্রান্তে মৃতের পরিবার চাইলে তারা স্বাস্থ্য বিধি মেনে নিজেরাই দাফন করতে পারে। যদি তারা প্রশাসনের সহযোগিতা চাই তাহলে ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা জানাজা শেষে দাফন সম্পন্ন করবে।’
ইত্তেফাক/এএএম