ইত্তেফাক রিপোর্ট
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে অবকাঠামোর প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে ৫ কোটি ডলার (৪২৫ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। গতকাল মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, পিপিপির মাধ্যমে অবকাঠামোর প্রকল্পে বিনিয়োগের জন্য সরকাররকে এই ঋণসহায়তা দেওয়া হবে। এ বিষয়ে এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ ডংডং ঝেং উল্লেখ করেছেন, বাংলাদেশের অবকাঠামোর উন্নয়নে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে এই ঋণ ভূমিকা রাখবে।
করোনা অতিমারির প্রকোপ কমে এলে অবকাঠামোর উন্নয়নে বেসরকারি অংশীদারিত্বের বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত এক দশক ধরে গড়ে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করায় বাংলাদেশের বিদ্যুত্, যোগাযোগ ও নগর অবকাঠামো উন্নয়নের চাহিদা বাড়ছে। এডিবির এই ঋণে পিপিপিতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর সক্ষমতা বাড়বে। এই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে দেশীয় মুদ্রায় ঋণ দিয়ে থাকে। তাছাড়া পিপিপি আইন উন্নত করা, বিআইএফএফএলের করপোরেট নীতিমালা উন্নত করা, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতেও এই ঋণসহায়তা করবে।