ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে লেনদেনের গতি বেড়েছে। আর লেনদেন বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং প্ল্যাটফরমে কিছু সমস্যা দেখা দিয়েছে। এতে লেনদেনে কিছুটা বিঘ্ন ঘটছে। চলতি সপ্তাহে এ সমস্যার সম্মুখীন হচ্ছে ব্রোকারেজ হাউজগুলো। এদিকে ডিএসই বলছে, সমস্যা সমাধানে কাজ চলছে। কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলোর ভিডিওচিত্রসহ ব্রোকারেজ হাউজগুলোর কাছে জানতে চেয়েছে ডিএসই। জানা গেছে, সফটওয়্যার সমস্যার কারণে ডিএসইর শেয়ার ক্রয়বিক্রয়ের আদেশ দিতে দীর্ঘসময় লাগছে। এতে অনেক সময় সঠিক দামে শেয়ার বিক্রি বা কিনতে পারছেন না গ্রাহকরা। ফলে অনেক ক্ষেত্রে দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। পুঁজিবাজারের লেনদেন সঠিকভাবে করার জন্য ২০১৪ সালের মার্চ মাসে বিশ্বের সর্বাধুনিক ট্রেডিং প্ল্যাটফরম স্থাপনে যুক্তরাষ্ট্রের নাসডাক ওএমএক্স এবং ফ্লেক্স ট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একই বছরের ১১ ডিসেম্বর ‘ফ্লেক্স ট্রেড সিস্টেমস’ নামে নতুন সফটওয়্যার চালু করে ডিএসই।