একদা এই শরত্কালে হাটবাজার বড় বড় ইলিশে সয়লাব হয়ে যেত। এক টাকায় চার-পাঁচটি ইলিশ কিনেছেন, এমন অনেকেই এখনো স্মৃতিচারণ করেন। শরত্কাল এসেছে—কিন্তু কোথায় ইলিশ? ছোট্ট একটি ইলিশের দাম ৫০০-৫৫০ টাকা। ইলিশ যেন আজ ধরাছোঁয়ার বাইরে। শরত্কালেই আমরা পুকুরে নয়তো বিলে মাছ ধরতে গিয়ে ডালা ভরে চিংড়ি, কই, পুঁটি, রানি, চান্দিনা, উটকাল, শোল আরো কত প্রজাতির মাছ ধরে এনেছি। আর আজ? পুকুর-বিলে মাছ ধরতে গিয়ে কোনো মাছই পাওয়া যায় না। যেখানে যত পুকুর—আজ মাছচাষে বিপ্লব ঘটেছে, সেখানে দেখা যায় ভিনদেশি মাছের প্রাধান্য। দেশি মাছ হারিয়ে যেতে বসেছে, ঠিক তেমনি শরত্কালও কি হারিয়ে যাচ্ছে! নাকি বলব, ষড়ঋতু থেকে শরত্ খসে যাচ্ছে?
শরত্কাল নিয়ে কবিরা কত কবিতা লিখেছেন, কতভাবে শরতের বর্ণনা দিয়েছেন। শরতের সৌন্দর্যে মোহিত হয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘তোমায় দেখে দেখে আঁখি না ফেরে...।’
নগরীতে বসে আমরা শরত্ঋতু দেখতে পাই না। কখন শরত্ আসে কখন যে চলে যায়! তবু আনন্দ যে, গ্রামে গেলে শরত্কালকে এখনো উপভোগ করি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা