কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ডিএসসিসির সম্পত্তি বিভাগ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ করেছেন ঠিকাদার হাজী সালেহ্ মোহাম্মদ। বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং ইজারা দিয়ে এবং ওয়ার্ক অর্ডার না দিয়ে ফের ইজারা দিয়েছে সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বিষয়টি সুরাহার জন্য মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ জানুয়ারি ডিএসসিসির কার পার্কিং ইজারার বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ জানুয়ারি তিনিসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করেন। ১৩ মার্চ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠি পান। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্তে হাজী সালেহ মোহাম্মদকে সর্বোচ্চ দরদাতা হিসেবে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে এবং পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে ইজারা মূল্য, মূল্য সংযোজন কর এবং আয়কর এর টাকা জমা প্রদান করতে হবে। সে মোতাবেক ছয় কার্যদিবসের মধ্যে ইজারার সব শর্ত তিনি পালন করেন। এরপর প্রধান সম্পত্তি কর্মকর্তার কাছে মৌখিকভাবে কয়েকবার কার্যাদেশ চাওয়ার পরে, তিনি তা দেই, দিচ্ছি, দেব বলে দিন পার করতে থাকেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও সম্পত্তি কর্মকর্তার বরাবর লিখিতভাবে কার্যাদেশ চেয়ে কয়েক দফায় চিঠি পাঠান। কিন্তু কোনো প্রকার উত্তর পাওয়া যায়নি।

সালেহ মোহাম্মদ আরো বলেন, গত ১৫ জুলাই একটি জাতীয় দৈনিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একই পার্কিং ইজারা পুনঃবিজ্ঞপ্তি দেখতে পান। এরপর আদালতে হাজির হয়ে বিষয়টি চ্যালেঞ্জ করলে উচ্চ আদালত ডিএসসিসির সম্পত্তি বিভাগের পার্কিং ইজারা পুনঃবিজ্ঞপ্তিটি স্থগিত রাখার জন্য গত ২৭ জুলাই আদেশ দেন। আদালতের এই আদেশ উপেক্ষা করে গত ১৩ আগস্ট প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক চিঠিতে রিয়াজ উদ্দিনকে বাবুবাজার ব্রিজের নিচের পার্কিংটি ইজারা দেওয়া হয়।