আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ফাতেমা নামে এক তরুণী হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—বিশনন্দী গ্রামের মৃত সুরুজ মিয়া প্রধানের ছেলে আ. ওহাব ও তার স্ত্রী হোসনে আরা বেগম। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি আজাহার জানান, শনিবার রাতে বিশনন্দী গ্রামের একটি টিনের ঘরের মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পরদিন রবিবার নিহতের বাবা বিল্লাল হোসেন তার মেয়ে ফাতেমার লাশ শনাক্ত করেন। বিল্লালের বাড়ি উপজেলার গহরদী গ্রামে। ওসি আজাহার আরো জানান, ফাতেমা তার মামাবাড়ি বিশনন্দীতে থাকতেন। সেইখানে থাকা অবস্থায় গ্রেফতারকৃত ওহাবের ছেলে ইউনুসের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। পুলিশের ধারণা এই ঘটনার জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।