করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়্যারমানের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৫ আগস্ট করোনা আক্রান্ত হয়ে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় আনা হয়। আজিজুর রহমান ছিলেন সাবেক গণপরিষদ সদস্য, দুই বারের সংসদ সদস্য, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল বিকালে সৈয়দ শাহ্ মোস্তফা (র.) মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার শেষে গুরারাই পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে তার রাজনৈতিক সহকর্মীরা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মরহুমের ছোট ভাই জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. জামাল উদ্দিন। জানাজায় সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।