কমলগঞ্জে আলোচিত দলই চা-বাগান চালু নিয়ে ফের অনিশ্চয়তা

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জের সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা-বাগান চালু নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। টানা ২১ দিন বন্ধ থাকার পর সোমবার স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লে-অফ দেওয়া ঘোষণাপত্র প্রত্যাহার করে বুধবার থেকে চা-বাগান চালুর সিদ্ধান্ত হয়। তবে সোমবার রাতের আঁধারে বিতর্কিত ব্যবস্থাপক চা-বাগানে প্রবেশ করলে শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে আবারও ক্ষোভ দেখা দেয়। যদিও গতকাল মঙ্গলবার সকালে পূর্বের নোটিশ প্রত্যাহার করে বুধবার থেকে চা-বাগান চালুর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, বিতর্কিত ব্যবস্থাপককে রাতের আঁধারে চা-বাগানে প্রবেশ করিয়ে সমস্যা সৃষ্টি করে চা-শ্রমিকদের দায়ী করার পাঁয়তারা করছে কোম্পানি।