সাবেক প্রধান বিচারপতি সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা ঋণ জালিয়াতি ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। আগামী ২৫ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে গতকাল এই মামলার পলাতক আট আসামির মধ্যে চার জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরা হলেন, ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুত্ফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা।

এছাড়া সাক্ষ্যগ্রহণকালে আদালতে হাজির ছিলেন জামিনে থাকা আরো দুই আসামি ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন। আর কারাগার থেকে হাজির করা হয় ওই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী)।

১৩ আগস্ট এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে দেয় আদালত।