বিশেষ ক্যাটাগরিতে ঢাকাসহ ছয় জেলা

 ‘বিশেষ ক্যাটাগরি’র মর্যাদা পেল ঢাকাসহ দেশের ছয়টি জেলা। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এসব জেলাকে বিশেষ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অন্য জেলাগুলোকে ‘এ’ ‘বি’ ও ‘সি’—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মূলত জনসংখ্যা আর উপজেলা সংখ্যার ভিত্তিতে এই শ্রেণিবিভাজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন ইত্তেফাককে বলেন, উন্নয়ন সমন্বয় বা সমবণ্টন নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। ইতিমধ্যে অনেক জেলায় জনসংখ্যা বেড়েছে, নতুন নতুন পৌরসভা, উপজেলা যোগ হয়েছে। ফলে সেই সব ক্ষেত্রে উন্নয়ন বরাদ্দসহ সব সরকারি পরিষেবা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য নতুন করে বিভাজিত শ্রেণি অনুযায়ী বরাদ্দ বা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ ক্যাটাগরির মর্যাদাসম্পন্ন জেলা প্রসঙ্গে তিনি বলেন, এই জেলাগুলোর পরিকাঠামোসহ সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা থাকায় সেগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এই শ্রেণিবিভাজনে অনেক জেলার যেমন মান উন্নীত হয়েছে, আবার কয়েকটির অবনমন হয়েছে। নতুন কিছু উপজেলা সৃষ্টি হওয়ায় অনেক জেলারই শ্রেণি পরিবর্তন হয়েছে। এর ফলে সরকারি নানা ধরনের বরাদ্দ প্রদানের ক্ষেত্রে আগের পরিমাণের কমবেশি হবে অনেক জেলার ক্ষেত্রে। উল্লেখ্য, শ্রেণি অনুযায়ী সরকার জেলার সরকারি দপ্তরগুলোতে জনবল নিয়োগ, উন্নয়ন পরিকল্পনা, ত্রাণসহ অন্যান্য বরাদ্দ দিয়ে থাকে।

সূত্র জানায়, আট বা এর বেশি উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘এ’, পাঁচ থেকে সাতটি উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘সি’ শ্রেণির মর্যাদা দেওয়া হয়েছে। আর গুরুত্ব বিবেচনায় ‘বিশেষ ক্যাটাগরি’তে ছয়টি জেলা রয়েছে। এগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী। এছাড়া ‘এ’ শ্রেণিতে ২৬টি, ‘বি’ শ্রেণিতে ২৭টি ও ‘সি’ শ্রেণিতে পাঁচটি জেলা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলায় পাঁচটি করে উপজেলা থাকলেও এ দুই জেলাকে বিশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে ভূগুরুত্ব বিবেচনায়।

কোন জেলা কোন শ্রেণিতে :ঢাকা বিভাগের বিশেষ ক্যাটাগরির জেলাগুলো হলো ঢাকা ও গাজীপুর। ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণির জেলা এবং ‘সি’ শ্রেণিতে রয়েছে মাদারীপুর জেলা।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশেষ ক্যাটাগরির জেলা। কুমিল্লা, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর ও কক্সবাজার ‘এ’ শ্রেণির এবং বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর ‘বি’ শ্রেণির জেলা। এই বিভাগে ‘সি’ শ্রেণির কোনো জেলা নেই।

রাজশাহী বিভাগের রাজশাহী বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত জেলা। এছাড়া বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণির এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট হচ্ছে ‘বি’ শ্রেণির জেলা। এই বিভাগেও ‘সি’ শ্রেণির জেলা নেই।

রংপুর বিভাগে ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে দিনাজপুর, কুড়িগ্রাম ও রংপুর। ‘বি’ শ্রেণিতে রয়েছে গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। এ বিভাগেও ‘সি’ শ্রেণির জেলা নাই।

খুলনা বিভাগের খুলনা বিশেষ ক্যাটাগরির জেলা। এ বিভাগে ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে বাগেরহাট ও যশোর। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছে মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।

বরিশাল বিভাগের ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে বরিশাল ও পটুয়াখালী। এই বিভাগের ভোলা, পিরোজপুর ও বরগুনা ‘বি’ ক্যাটাগরি এবং ঝালকাঠি ‘সি’ ক্যাটাগরির জেলা।

সিলেট বিভাগের অধীন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চার জেলাই ‘এ’ শ্রেণিতে পড়েছে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরিতে পড়েছে। এ বিভাগের নেত্রকোনা ‘এ’ শ্রেণির এবং বি শ্রেণির জেলা হচ্ছে জামালপুর ও শেরপুর।