জি কে শামীমমুক্ত হচ্ছে গণপূর্ত

অবশেষে গ্রেফতার হওয়া আলোচিত ঠিকাদার জি কে শামীমের প্রতিষ্ঠান জেকেবি অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে ১৭টি বড় প্রকল্পের চুক্তি বাতিল করেছে গণপূর্ত অধিদপ্তর। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী এসব প্রকল্প বাতিল করা হয়েছে। এরই মধ্যে পুনরায় দরপত্র প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন কাজের বর্তমান অবস্থা পরিমাপ করে ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। প্রকল্প বাতিল প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে জি কে শামীম মুক্ত হচ্ছে গণপূর্ত অধিদপ্তর।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘এরই মধ্যে আমরা চারটি প্রকল্পে নতুন করে টেন্ডারও আহ্বান করেছি। আমরা চাই, গণপূর্ত অধিদপ্তর সবসময় টেন্ডার সিন্ডিকেটমুক্ত থাকবে। সেটি নিশ্চিতেই আমরা কাজ করছি।’

জি কে শামীমের প্রতিষ্ঠানের বাতিলকৃত প্রকল্পগুলো হলো—ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ২য় ও ৩য় তলা নির্মাণ, বেইলি রোডের চট্টগ্রাম হিলট্র্যাক্টস কমপ্লেক্স ভবনে চেয়ারম্যানের বাসভবন, ডরমেটরি, প্রশাসনিক ভবন ও হল নির্মাণ, ঐ এলাকায় স্টিলব্রিজ নির্মাণ, অ্যাম্ফিথিয়েটার নির্মাণ, ঢাকা জেলা পুলিশ সুপারের অফিস ভবন নির্মাণ, সচিবালয়ের ২০তলা ভবনের স্যানিটারি ও বৈদ্যুতিক কাজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বর্ধিতকরণ কাজ,       আজিমপুর কলোনিতে সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট নির্মাণ, সচিবালয়ের ২০তলা ভবনের কাজ, শেরেবাংলা নগরে নিটোরে র্যাম্প, বাউন্ডারি ওয়াল, সেন্ট্রি বক্স এবং সৌন্দর্য বর্ধনের কাজ, র্যাব সদর দপ্তর কমপ্লেক্সের কাজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালের কাজ, এনবিআর ভবনের কাজ, আগারগাঁওয়ের এনজিও ফাউন্ডেশন ভবনের কাজ ও মহাখালীর অ্যাজমা সেন্টারের কাজ। 

প্রসঙ্গত, গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করে র?্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, অবৈধ সম্পদ ও মাদকের মামলা দায়ের করা হয়। এসব মামলায় জি কে শামীমকে কারাগারে পাঠানো হয়। পরে তার ব্যাংক হিসাবও জব্দ করার কারণে বেশির ভাগ প্রকল্পের কাজই স্থবির হয়ে পড়ে। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) অনুযায়ী, টানা ২৮ দিন কাজ বন্ধ থাকার পর আইন অনুযায়ী কাজগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করা যায়। সেই নিয়মেই এসব কাজ বাতিল হয়েছে। চুক্তির শর্তানুযায়ী দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় চুক্তি বাতিলের নোটিশ পাঠানো হয়। পরে কাজগুলো চূড়ান্তভাবে বাতিল করা হয়।

নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শওকত উল্লাহ বলেন, জি কে শামীমের হিলট্র্যাক্টসের কাজ বাতিল করে এরই মধ্যে নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে। গণপূর্ত আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস আহমেদ জানান, আজিমপুরের সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল ভবন নির্মাণের কাজ গত সপ্তাহে নতুন ঠিকাদার পদ্মা কনস্ট্রাকশনকে দেওয়া হয়েছে।