কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ছয় জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় জন মারা গেছেন। তাদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী। গতকাল মঙ্গলবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন—নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০) ও শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলীপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জব্বার (৭৩) ও একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)। এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩৬৭ জন মারা গেছেন।

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা, হরিণাকুণ্ডুতে করোনা উপসর্গ নিয়ে মোফাজ্জেল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। সোমবার তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রথমে তাকে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন করা হয়। মৃত্যুর পর তার নমুনা করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।