সড়কে সন্তান প্রসব

গাইবান্ধা সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ২ চিকিৎসক স্ট্যান্ড রিলিজ  

চিকিৎসাসেবা না পেয়ে সড়কে সন্তান প্রসব করার ঘটনায় গাইবান্ধা সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তারা হলেন- মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. আফসারী খানম ও মেডিকেল অফিসার ডা. মো. সেকেন্দার আলী। 

মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার দায়ে ডা. আফসারী খানমকে লালমনিরহাট ও ডা. মো. সেকেন্দার আলীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় স্ট্যান্ড রিলিজের আদেশ দেয়া হয়েছে। আগামী ২৬ আগস্টের মধ্যে তাদের উল্লেখিত কর্মস্থলে যোগদান করতে হবে।

তিনি আরও জানান, এর আগে পরিদর্শিকা সেলিনা আক্তারকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করা হয়েছে। তিনি সেখানে যোগদানও করেছেন। ঘটনার রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তিনি দায়িত্বরত ছিলেন।  

প্রসঙ্গত, প্রসব বেদনা নিয়ে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে এক অন্তঃসত্ত্বা নারীকে তার স্বজনরা গাইবান্ধা সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন। তখন ওই কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শিকা সেলিনা বেগম কোনো পরীক্ষা ছাড়াই রোগীকে অন্যত্র যেতে বলেন। এ সময় স্বজনরা তাকে রোগীটি ভর্তি করে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু এতে কোনো সাড়া না দিয়ে উল্টো খারাপ ব্যবহার ও গালিগালাজ করে কেন্দ্র থেকে তাদেরকে বের করে দেয়। তখন উপায় না দেখে তারা সেখান থেকে বাইরে চলে আসে এবং পথে শহরের ডিবি রোডে একটি মেয়ে সন্তান প্রসব করেন। পরে এলাকাবাসীর নজরে আসলে পুলিশের মাধ্যমে গাইবান্ধা সদর হাসপাতালে অসুস্থ মা ও শিশুকে ভর্তি করা হয়।


ইত্তেফাক/ইউবি