জাতীয় সংসদের অধিবেশনকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংসদের অধিবেশনকক্ষে স্পিকার যেখানে বসেন, সেখানকার পেছনের দেওয়ালের উপযুক্ত জায়গায় এই প্রতিকৃতি টাঙানোর জন্য সংসদ সচিবালয়ের সচিবকে বলা হয়েছে। এসংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়। আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে এসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছে, যেহেতু এটা সাংবিধানিক বিষয়, সেহেতু দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত।
রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পূর্ববর্তী সময়ে বাংলাদেশের আইনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল, কিন্তু পরে তা সরিয়ে ফেলা হয়। এসংক্রান্ত নথি ও নানা দলিলপত্র উপস্থাপন করেছি। আদালত সন্তুষ্ট হয়ে এই আদেশ দিয়েছে।’
জাতীয় সংসদের অধিবেশনকক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে গত ১২ আগস্ট হাইকোর্টে রিট করেন সুবীর নন্দী দাস। রিটে বলা হয়, সংবিধানের ৪ ক অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজ নিজ জাতির পিতা কিংবা জাতীয় বীরগণের প্রতিকৃতি অথবা ভাস্কর্য আইন সভায় রয়েছে। সেহেতু জাতীয় সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ জরুরি।
আরও পড়ুন: গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে শ্রিংলার বৈঠক
আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ঐ আদেশ দেয়।
ইত্তেফাক/এসি