রাষ্ট্রধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে তৌহিদি জনতা আবারও মাঠে নামবে --------- হেফাজাতে ইসলাম

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইস্যুটি ২০১৬ সালে আদালত মীমাংসা করে দিয়েছে। তাই এ বিষয়ে নতুন করে বিতর্ক তোলার কোনো যৌক্তিকতা নেই। এছাড়া রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কোনো কালেই সমস্যা ছিল না, আগামীতেও হবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেফাজত নেতা বলেন, যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাশা করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করুন। মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তুলে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তা খুঁজে  বের করুন। অন্যথায় দেশের তৌহিদি জনতা আগের মতো মাঠে নেমে আসবে।