করোনা-পরবর্তী সময়ে যখন প্রাথমিক বিদ্যালয় খুলবে তখন এক দিন অর্ধেক শিক্ষার্থী স্কুলে যাবে, বাকি অর্ধেক যাবে অন্য দিন। এভাবে এক দিন পর এক দিন স্কুলে যাবে শিক্ষার্থীরা। স্কুলে প্রবেশের আগে সাবান-পানি দিয়ে শিক্ষার্থীদের হাত ধুতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। আর শিক্ষার্থীসহ সবার তাপমাত্রা মেপে স্কুলে ঢুকতে হবে। এসব নানা প্রস্তাব রেখেই কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় পুনরায় চালু করার গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগিগরই এ গাইডলাইন নীতিমালা আকারে জারি হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, করোনা-পরবর্তী সময়ে স্কুল কীভাবে চলবে সে ব্যাপারে আমরা একটি গাইডলাইন তৈরি করছি।
গতকাল মঙ্গলবার এই গাইডলাইন নিয়ে বৈঠক হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। স্কুল ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এই গাইডলাইন মনিটরিং করবে। বিদ্যালয়ে অবস্থানকালে করণীয় ছাড়াও মাস্ক কীভাবে পরতে হবে, হাত কীভাবে ধুতে হবে, স্যানিটাইজার কীভাবে ব্যবহার করতে হবে—এগুলোর ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াসহ টিভি-পত্রিকায় প্রচার করা হবে। শিশু শিক্ষার্থীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয় খোলার আগে, খোলা অবস্থায় নিরাপত্তা ও পাঠদান সময়ে শিক্ষার্থীদেরে উপসর্গ বা আক্রান্ত হলে করণীয় কী—এসব উঠে এসেছে সেই গাইডলাইনে।