মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপ

কর্মক্ষেত্রে শিশু নির্যাতন বেড়েছে ১৩৭ ভাগ

করোনা মহামারিজনিত সাধারণ ছুটি শেষ হয়ে মানুষ কাজে ফিরতে শুরু করায় বেড়েছে কর্মক্ষেত্রে শিশু নির্যাতনের হার। জুনের তুলনায় জুলাই মাসে কর্মক্ষেত্রে শিশু নির্যাতনের হার শতকরা ১৩৭ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। টেলিফোনে করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, জুলাইতে ৬৯২ জন শিশু কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছে। জুনে এই সংখ্যা ছিল ২৯২ জন। অন্যদিকে কমে এসেছে পারিবারিক নির্যাতনের হার।

জুলাই মাসে কর্মক্ষেত্রে ৬৯২ জন শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া শিশু অপহরণের হারও বৃদ্ধি পেয়েছে। ৫৩টা জেলার ১১১টি সহযোগী সংগঠনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে মোট ৬৩ হাজার ৯৬৮ জন নারী ও শিশুর সঙ্গে কথা বলা হয়েছে। এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, কর্মক্ষেত্রে শিশুর প্রতি নির্যাতনের হার বেড়ে যাওয়ার এই হার খুব ভয়াবহ। তিনি সরকারকে অন্যসব জরুরি অবস্থার পাশাপাশি শিশুদের নিরাপত্তার প্রতিও বিশেষ দৃষ্টি দিতে আহ্বান জানান।