ভিয়েতনামে কাজের সন্ধানে গিয়ে ও মহামারির কারণে আটকাপড়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তারা দেশে ফেরেন। কাজের সন্ধানে গিয়ে ১০৭ জন, মহামারির কারণে আটকাপড়া পাঁচ জন এবং একজন ভিয়েতনামের নাগরিকসহ ১১৩ জনকে নিয়ে বিমানটি হ্যানয়ের নয়বাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।
হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিয়েতনাম থেকে নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় দূতাবাস এই বিশেষ বিমানটির ব্যবস্থা করে। দূতাবাসের বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পুনরুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং ‘এক্সিট পারমিট’ প্রদান করে। একই সঙ্গে বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়। উল্লেখ্য, কোভিড মহামারির জন্য ভিয়েতনাম আন্তর্জাতিক যাত্রী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসনের এই পুরো প্রক্রিয়া তদারকি করেন এবং বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশিদের বিদায় জানান।