পটিয়ায় হেলে পড়েছে ছয়তলা ভবন

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে দুবাই প্রবাসীর ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। পৌর কর্তৃপক্ষ ভবনটি ঝুঁকিমুক্ত করতে ভাড়াটিয়াদের বের করে দিয়েছেন। মালিককে চিঠি দিয়ে ভবনটি ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন এবং জেলা প্রশাসক বরাবরে ম্যাজিস্ট্রেট দিয়ে ভবনটি তালাবদ্ধ করার জন্য আবেদন করেছেন। বর্তমানে ভবনসহ পার্শ্ববর্তী ভবনটি ঝুঁকিপূর্ণ রয়েছে।

ভবনের মালিক প্রবাসী কাজী মো. ছাদেকের ভাই মো. জাহেদ জানিয়েছেন, ৫ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে কোনো ত্রুটি ছিল না। ভবনের পাইলিং না করলেও চুয়েটের এক্সপার্ট ও ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ৬ শতক জায়গার ওপর ভবনটি করা হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকা ব্যয় হয়। বিশেষজ্ঞদের মতামত নিয়ে ভবনটি ঝুঁকিমুক্ত করা হবে।

পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের মুন্সেফ বাজারের পিছনে দুবাই প্রবাসী কাজী ছাদেক ছয়তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। বর্তমানে ঐ ভবনের প্রধান ফটকে তালাবদ্ধ রয়েছে। পার্শ্ববর্তী মো. সোলায়মানের হামদ সেহজাদ বিল্ডিংয়ের সঙ্গে হেলে পড়েছে।  পটিয়া পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার জানিয়েছেন, নির্মাণ কাজের ত্রুটির কারণে দুবাই প্রবাসীর ছয়তলা বিশিষ্ট ভবন হেলে পড়েছে। হেলে পড়া ভবনটি সিলগালা করার জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। মালিককে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।