গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
গুরুদাসপুরে ভ্যান চুরির অভিযোগে ছাবলু সরদার (৩৮) নামে এক রাজমিস্ত্রিকে বেধড়ক পেটানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌর সদরের খামারনাচকৈড় মহল্লায় এ ঘটনা ঘটে। আহত ছাবলু সরদার ও অভিযুক্তদের বাড়ি একই মহল্লায়। এ ঘটনায় বুধবার ছাবলুর স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় ছয় জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।