বরিশাল অফিস
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় মোতাহার হাওলাদার নামে এক ডাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি মামুন চৌকিদারকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার। অপরদিকে আসামি পক্ষের দায়ের করা অপর একটি মামলায় নিহত মোতাহারের ভাই সিরাজ ও চাচাতো ভাই মোতালেব হাওলাদারকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বাদী পক্ষের আইনজীবী মো. আজিজুর রহমান রিয়াজ জানান, মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।