বাফুফের নির্বাচন তপশিল ঘোষণা ৩ সেপ্টেম্বর

স্পোর্টস রিপোর্টার

বাফুফের নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর গতকাল নির্বাচন কমিশন প্রথম বার বৈঠকে বসেছিল। প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে তপশিল ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। গতকাল দুপুরে বাফুফে ভবনে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘সবকিছু বন্ধ রাখা যায় না। এখন মোটামুটি জনজীবন চালু হচ্ছে। বাফুফে আগামী ৩ অক্টোবর নির্বাচন নতুন তারিখ ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় নিয়ে সভায় বসেছি। আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী বৈঠক হবে। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত সেই দিন (৩ সেপ্টেম্বর) তপশিল ঘোষণা করব।’

বাফুফের বর্তমান কমিটির চার বছরের মেয়াদ পূর্ণ হয় ৩০ এপ্রিল। তার আগেই ২০ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ফিফার অনুমতি নিয়ে নির্বাচন স্থগিত করা হয়। গত ১২ আগস্ট বাফুফের নির্বাহী সভায় পুনরায় সিদ্ধান্ত হয় ৩ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ। নির্বাচনি তারিখ জানিয়ে অনমুতি চাইলে ফিফার অনুমতি দেয় বাফুফেকে। অনুমতি পেয়ে গতকাল নির্বাচন কমিশন তার কার্যক্রম ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদ বলেন, ‘নির্বাচনের ১৫ দিন আগে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করব এবং তালিকা বাফুফের ওয়েবসাইটে দেওয়া হবে, নোটিশ বোর্ডেও থাকবে।’

এছাড়াও কমিশন জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি। ২০০৮ সাল থেকে চার বছর মেয়াদের বাফুফের নির্বাচন পরিচালনা করে আসছেন সাবেক সচিব মেজবাহ উদ্দিন।  বাফুফের বর্তমান কমিটি ফিফার অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।