সরানো হয়েছে লাখো মানুষকে
রয়টার্স
চীনের ইয়াংসি নদীর উজানে ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় কর্তৃপক্ষ ঐ অববাহিকা অঞ্চলের ১ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। বন্যায় দেশটির সিচুয়ান প্রদেশে ১ হাজার ২০০ বছরের পুরোনো বিশ্বের ঐতিহ্যবাহী একটি স্থাপনাও ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা।
কর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা বালুর ব্যাগ ব্যবহার করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা সিচুয়ানের লেশান শহরের নিকটবর্তী ২৩৩ ফুট উঁচু পাথরের বুদ্ধের মূর্তিটিকে রক্ষার চেষ্টা করছে। বন্যার কর্দমাক্ত পানি এরই মধ্যে বুদ্ধের মূর্তিটির পায়ের আঙুল ছাড়িয়ে গেছে, ১৯৪৯ সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল বলে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে নতুন করে প্রবল বৃষ্টির পর মঙ্গলবার সিচুয়ানের বন্যা সতর্কতার মাত্রাও সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। ইয়াংসি নদী এই প্রদেশটির ভেতর দিয়েই ভাটির দিকে গেছে।
একই দিন রাতে ইয়াংসি নদীর দেখভালকারী সরকারি প্রতিষ্ঠান ইয়াংসি ওয়াটার রিসোর্চ কমিশন ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। নদীর কোনো কোনো পয়েন্টে পানি বিপত্সীমার ৫ মিটার ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে।
চীনের পানিসম্পদ মন্ত্রণালয় ‘থ্রি গর্জেস’ জলবিদ্যুত্ কেন্দ্রে পানির প্রবাহ বেড়ে প্রতি সেকেন্ডে ৭৪ হাজার ঘনমিটার হতে পারে বলে জানিয়েছে। এ থ্রি গর্জেস প্রকল্পটির নকশা করার সময় ইয়াংসির বন্যা নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছিল বলে রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়েছে। জলবিদ্যুত্ কেন্দ্রটির জলাধারে পানি আটকে রাখার সুবিধা থাকলেও এক মাসেরও বেশি সময় ধরে সেখানে সতর্কতা মাত্রার চেয়েও অনেক অনেক বেশি পানি জমা রাখা হয়েছিল। বাধ্য হয়েই মঙ্গলবার জলাধার থেকে বেশি পানি ছাড়তে হয়েছে বলে জানিয়েছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়।