তোমার সময় যত বছর তত বছর কি বেঁচে ছিলে?

হাওলাদার মুহা. হাসিব

পৃথিবীর সেরা জীব মানুষ। সে অর্থে মানবজীবন স ষ্টার পরম উপহারও বটে। ‘জীবন সুন্দর’ এ সমীকরণে সুখ-দুঃখ উভয়ের প্রয়োজন এবং তা অনাবশ্যকও নয়। কবি সাহিত্যিকগণ বলে থাকেন, জীবন পরিমাপের মানদণ্ডে দুঃখের উপস্থিতি জরুরি কেননা তা জীবনের মূল্য বোঝতে শেখায়। জীবন এক বৈচিত্র্যময় সত্তা। এতে হরেক রকমের বৈচিত্র্য থাকে। এক একটি সত্তা এক এক রকম বৈচিত্র্য মোকাবিলা করে। অবশ্য এক্ষেত্রে অনেকেই জীবনকে বিভিন্ন প্যারামিটারে তুলনা করেছেন। যেমন— রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ জীবনকে সাগরের সঙ্গে তুলনা করেছেন। কিংবা আমরা জানি জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন মোতাহের হোসেন চৌধুরী। যে যেভাবেই তুলনা করেন না কেন, মৌলিকতা হলো জীবন মানেই বৈচিত্র্যময়। অথচ আমরা মাঝে মাঝেই এ চিরন্তন বৈচিত্র্যময় সৌন্দর্যকে ভুলে যাই। এমনকি ডিপ্রেশন শব্দটাকে খুউব বেশি প্রাধান্য দিয়ে ফেলি। যার ফলে করে ফেলি আত্মহত্যার মতো জঘন্যতম ভুল কিংবা অপরাধ। এ ভুল পুরো পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে। আমরা জানি আত্মহত্যার দর্শন উদ্ভূত হয়েছে গ্রিক দার্শনিক প্লেটোর চিন্তা থেকে, যিনি আত্মহত্যার নৈতিকতার বিষয়টি গভীরভাবে বিবেচনা করেছেন। প্লেটোর মতে, যখন কেউ রাষ্ট্রীয় আইনে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হন অথবা দুর্ভাগ্যবশত জীবন ধারণে অপারগ হন অথবা অনিবর্তনীয় অপমানে জর্জরিত হন, তখন আত্মহত্যা করা অনৈতিক নয়। তবে প্লেটো বিশ্বাস করতেন, যদি কেউ নিষ্ক্রিয়তা বা কাপুরুষতার জন্য আত্মহত্যা করেন, তবে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। যদিও আত্মহত্যার পক্ষে এখন পর্যন্ত বহু দার্শনিক যুক্তি দেখিয়েছন পক্ষান্তরে প্রায় সকল ধর্মই আত্মহত্যাকে অপরাধ বলে সাব্যস্ত করে। পৃথিবীতে আত্মহত্যার সংখ্যা দিনদিন বেড়েই চলছে। এ মিছিলে সামিল হয়েছেন মোটামুটি সবশ্রেণির মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে সারা বিশ্বে গড়ে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করে। এ আত্মহত্যার লিস্টে  ওপরের স্থান দখল করে আছে ক্যারিবীয় দেশ গায়না। ২০১২ সালে সেখানকার প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৪৫.২ জন আত্মহত্যা করেছে। এরপরের লিস্টে যথাক্রমে আছে— উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, লিথুনিয়া ইত্যাদি দেশসমূহ। পিছিয়ে নেই ভারতীয় উপমহাদেশ, বিবিসির প্রতিবেদনে ল্যান্সেটের জরিপ বলছে, বিশ্বে প্রতি বছর যত নারী আত্মহনন করেন তার ১০ জনের চার জনই ভারতীয়। এদিকে প্রতি বছর বিশ্বব্যাপী আত্মহত্যায় যেসব লোকদের মারা যাওয়ার খবর পাওয়া যায় তাদের মধ্যে ২.০৬? বাংলাদেশি। ডিএমপির গত দুই বছরের হিসেব অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ২৯ জনের বেশি আত্মহত্যা করছেন। এসব আত্মহত্যার বেশির ভাগই ফাঁসিতে ঝুলে। এছাড়া বিষপান ও আগুনে পুড়ে আত্মহননের ঘটনা ঘটছে।

গত ১৭ আগস্ট  ঢাবি শিক্ষার্থী ইমাম হোসেন আত্মহনন করেন। কেউ কেউ বলছেন আত্মহত্যা কেন্দ্রিক  এক ধরনের ট্রেন্ড চলে আসল কি না। ট্রেন্ড খারাপ বিষয় নয়, তবে যে ট্রেন্ড পরিবার সমাজ কিংবা রাষ্ট্রের শোকের কারণ হয় তা মোটেও শোভনীয় নয়। পরিশেষে সুইফটের সে বিখ্যাত উক্তি দিয়ে শেষ করতে চাই:তোমার সময় যত বছর তত বছর কি বেঁচে ছিলে?

n লেখক :শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়