২০ হাজার টাকা জরিমানা আদায়
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৪র্থ দিনের চিরুনি অভিযানে মোট ৮৪টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে চারটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় চারটি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার ডিএসসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১-এর ২০ নম্বর সেগুনবাগিচা এলাকা, অঞ্চল-২-এ ৩ নম্বর ওয়ার্ডের বনশ্রী ও অঞ্চল-৫-এর ধলপুর ও যাত্রবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৫-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১-এ ভ্রাম্যমাণ আদালত ২৮টি স্থাপনা পরিদর্শন করেন।
অঞ্চল-২-এ ভ্রাম্যমাণ আদালত ৯টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও তিনটি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পান। এ সময় তিনটি মামলা দায়ের ও ১৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২-এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সঙ্গে অঞ্চল-৫-এ ভ্রাম্যমাণ আদালত ৪৭টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত একটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ১১টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পান। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যে ১১ স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়, সেসব স্থাপনার মালিকদের দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য সতর্ক করা হয়।