চট্টগ্রাম অফিস
করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র ২২ আগস্ট থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
এ ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত অনুসারে দর্শনার্থীদের সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ ১৭টি শর্তে চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। শর্ত মেনে ২২ তারিখ থেকে সরকারি, বেসরকারি সব বিনোদনকেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্রসৈকত উন্মুক্ত থাকবে। এর আগে গত ১৯ মার্চ করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সই করা ঐ গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার সব পিকনিক স্পট, বিনোদন পার্ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।