শ্রিংলার সফরে বাংলাদেশ- ভারত সম্পর্ক আরো জোরদার হবে :ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। যে কারণে করোনার মধ্যেও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন। তার সফরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদার হবে বলে আশা করি। গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, হর্ষবর্ধন শ্রিংলা আমার অনেক পুরোনো বন্ধু। অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি। তিনি ঢাকায় এসেছেন শুনে দেখা করেছি। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সূচনা হয়েছে। বর্তমান সরকারের আমলে দুই দেশের সম্পর্ক আরো গভীর হচ্ছে। আগামী দিনে ঢাকা-দিল্লি সম্পর্ক আরো গভীর হবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, করোনা মহামারিতেও দুই দেশের মধ্যে সহযোগিতামূলক অনেক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সার্ক নেতাদের ভার্চুয়াল সভার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারত ও বাংলাদেশ কাজ করছে।