শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
ঈদুল আজহার পরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই যাচ্ছে। তবে চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার হঠাত্ করে পতন দেখা দেয়। দুই দিনেই ১৩৮ পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল আবার উত্থান হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। একই সঙ্গে উভয় বাজারে লেনদেন বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান মূল্য সূচকের উঠানামার গ্রাফে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯৮ পয়েন্ট বেড়ে যায়। একপর্যায়ে এ সূচক ১০৮ পয়েন্ট পর্যন্ত বাড়ে। তবে লেনদেন সময়ের শেষদিকে এসে সূচকটি কিছুটা নিম্নমুখী হয়। এরপরও বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের এমন বড় উত্থান হলেও এদিন যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তারও বেশি। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৬টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে সূচকের বড় উত্থানের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৯৩ কোটি ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৬৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৫৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বারাকা পাওয়ার, খুলনা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন এবং এমএল ডাইং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২০ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩২টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।