শিপ্রার পরিবর্তে আপনি কেন!

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহার সঙ্গী শিপ্রা দেবনাথকে নিয়ে ফেসবুকে পুলিশের দুই কর্মকর্তার মন্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। শুনানিতে হাইকোর্ট রিটকারী আইনজীবীর উদ্দেশে বলেছে, এ রকম একটি বিষয়ে শিপ্রা বাদি না হয়ে আপনি কেন রিট করলেন? জবাবে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, সংবিধান অনুযায়ী আমিও আদালতে প্রতিকার চাইতে আসতে পারি। আপনাদেরও মামলাটি শোনার অধিকার রয়েছে। আর এ বিষয়ে শিপ্রার মা-বাবার সঙ্গে আমার কথা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল বুধবার এ শুনানি হয়।

শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, থানায় মামলা করতে গেলে পুলিশকে স্যার বলতে হয়। নইলে থানা থেকে বের করে দেয়। তাদের কেন স্যার বলতে হবে? আদালত বলে, অন্যায় যে-ই করুক তাকে আইনের আওতায় আসতে হবে। মনোজ কুমার বলেন, শিপ্রা জামিনে মুক্তি পেলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালত বলে, আমরা দেখছি তিনি টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন। তাহলে আদালতে আসতে পারেন না? আজ বৃহস্পতিবার পরবর্তী সময়ের শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত।

শিপ্রা দেবনাথের ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে এসপি পদমর্যাদার পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে এ রিট করেন মনোজ কুমার ভৌমিক।