যশোরে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএসএএফের

গত ১৪ আগস্ট যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে আনসার সদস্যদের দ্বারা নির্মম নির্যাতন এবং প্রহারের ফলে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় ২৭২টি শিশু অধিকার সংগঠনের জাতীয় নেটওয়ার্ক বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) অত্যন্ত মর্মাহত ও উদ্বিগ্ন। গতকাল বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশু-কিশোররা যেখানে নিজেদের সংশোধন করার পরিবেশ পাওয়ার কথা, যেখানে তাদের নিরাপদে থাকার কথা, সেখানে তাদের পিটিয়ে হতাহত করার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। এসব কেন্দ্র পরিচালনা তথা শিশুদের দেখভালের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা তাদের  দায়িত্ব যথাযথ পালন করলে এ ধরনের ঘটনা ঘটত না বলে মনে করে শিশু অধিকার ফোরাম।