২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ

তিতাসের সুপারভাইজার তহুরুলের বিরুদ্ধে মামলা দায়ের

প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ঢাকা মেট্টো বিক্রয় বিভাগ-৪-এর সিনিয়র সুপারভাইজার (ইএসএস শাখা) তহুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১১।

মামলার অভিযোগে বলা হয়েছে, অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে গত বছরের ৯ সেপ্টেম্বর কমিশন থেকে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ঢাকা মেট্টো বিক্রয় বিভাগ-৪-এর সিনিয়র সুপারভাইজার (ইএসএস শাখা) তহুরুল ইসলামকে সম্পদ বিবরণীর নোটিশ দাখিল করা হয়। দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে ঐ বছরের ৩১ অক্টোবর তিনি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৬০ লাখ ৩৫ হাজার ১৫৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি গোপন করেন। অপর দিকে তার দাখিলকৃত সম্পদ বিবরণী অনুযায়ী সম্পদের অনুসন্ধান করে কমিশন প্রমাণ পায় যে, তিনি অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অর্থের দ্বারা ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৮২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। অর্থাত্ তিনি ২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত অর্থের উত্স ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।