নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাদের এ কার্যক্রমের তথ্য জানতে পেরে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও র্যাব পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুই জন কমান্ডারকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সালাহউদ্দিনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট ও ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কমান্ডার জাহাঙ্গীর ওরফে সাকিব ওরফে নিশা স্যারকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
এটিইউ সূত্র জানায়, সালাহউদ্দিন কথিত ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা থানার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও জঙ্গি সংগঠনের চারটি বই জব্দ করা হয়েছে।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, জাহাঙ্গীর ওরফে নিশা স্থানীয় একটি মাদ্রাসা হতে আলিম পাশ করে বর্তমানে আনসার আল ইসলামের এক সদস্যের ওয়ার্কশপে কাজ করেন। ছয় বছর ধরে তিনি আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত। ২০-২৫ জন সদস্যের একটি ইউনিট চালানোর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির (কমান্ডার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে আনসার আল ইসলামের উচ্চ পর্যায়ের নেতাদের যোগাযোগ রয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব।