সচিবকে চড় মারলেন মন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখ্যসচিব আজম খানকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি চড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের একটি চ্যানেলের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টিভি। জানা গেছে, কোরেশি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত্ করতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যসচিব আজম খান তাকে বাইরেই থামিয়ে দেন। প্রবেশ করতে না দেওয়ায় ক্ষুব্ধ হন কোরেশি। কারণ প্রধানমন্ত্রীই তাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল; কিন্তু আজম খান ঐ অনুষ্ঠান সম্পর্কে কিছু জানেন না বলে জানান। এ নিয়ে দুই জনের মধ্যে চরম বিতর্ক হওয়ার পর আজম খানকে চড় মারেন কোরেশি।