ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী আমিরের ব্রিজ সংলগ্ন লোহারটেকে (ভূবেনশ্বর নদ) পানিতে ডুবে নবম শ্রেনীর শিক্ষার্থী অমি আক্তার(১৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার সাথে থাকা তার ছোট ভাই তামীম (১০) নিখোঁজ রয়েছে। অমি চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিল ও তার ছোট ভাই তামীম স্থানীয় আল হেরা কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। তাদের পিতা মো: রাছেল দুবাই প্রবাসী।
মা নাসরীন আক্তারের সাথে কথা বলে জানা যায়, বর্ষায় তাদের বাড়ির চারিপাশে পানি থাকায় টিন দিয়ে বানানো তাপালে করে প্রতিদিন তার ছেলে মেয়েরা কোলের ঐ পারে নানা বাড়িতে আসা যাওয়া করে। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে প্রচন্ড বাতাস ছিল বিকেলে আসরের আজানের পর অমি ও তামীম নানা বাড়ির উদ্দেশ্যে বের হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) অমির স্কুলে রেজিস্ট্রেশন এর তারিখ থাকায় ভাইকে সাথে নিয়ে নানা নয়ন মোল্লার বাড়ির উদ্দেশ্যে তার মেয়ে বের হয় কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে ছেলে মেয়েকে না দেখে মা নাসরীন তার বাবার বাড়িতে ফোন দিয়ে জানতে পারে ওরা নানা বাড়িতে যায়নি। এ খবর শুনে স্থানীয়দের নিয়ে তাৎক্ষণিক নদী পারে খোঁজাখুঁজি করে ভাসমান অবস্থায় মেয়েকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিকে মৃত ঘোষণা করেন। মেয়ের লাশ পেলেও ছেলে নিখোঁজ রয়েছে বলে জানায় মা নাসরীন। লামিম নামে ১১ মাস বয়সী এক ছেলে আছে তার।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার, থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম ও সদরপুর ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার মো: মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিখোঁজ তামীমকে উদ্ধারের বিষয়ে এসিল্যন্ড ইমদাদুল হক তালুকদার জানান প্রশাসনের পক্ষ হতে ফরিদপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে উদ্ধারকারী ডুবুরী দল পাটুরিয়ায় রয়েছে বলে জানায় তারা।
এছাড়া রাতে উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব নয় বলেও জানায় সংশ্লিষ্টরা। পরে স্থানীয় জেলেদের মাধ্যমে জাল দিয়ে খোজার উদ্যোগ নেন এসিল্যন্ড। ঘটনাস্থল ঘুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলেরা জাল ও স্থানীয়রা ছোট নৌকা নিয়ে নিখোঁজ তামীমকে খুঁজতে দেখা যায়।
ইত্তেফাক/এমএএম