রাশিয়ার বিরোধী দলীয় নেতার ওপর বিষ প্রয়োগের অভিযোগ

রাশিয়ার বিরোধী দলীয় নেতা  অ্যালেক্সেই নাভালনির ওপর বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায়   নাভালনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 

  অ্যালেক্সেই নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, সাইবেরিয়া থেকে মস্কো আসছিলেন নাভালনি। তিনি অসুস্থ হয়ে পড়ায় ওমস্কে তার বিমান জরুরি অবতরণ করানো হয়। ধারণা করা হচ্ছে  নাভালিনকে দেওয়া চায়ের মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে। 

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস অ্যালেক্সেই নাভালনির হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ৪৪ বছর বয়সী  অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। গত জুনে আরো দুই দফা ক্ষমতায় থাকার জন্য রাশিয়ার সংবিধান সংশোধন করেন পুতিন। তখন ওই ঘটনাকে 'সংবিধান লংঘন' উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছিলেন নাভালনি।  

ইত্তেফাক/এআর