২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪১ জন, শনাক্ত ২৮৬৮

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৬৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৩১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। 

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৬০ হাজার ৪১৩ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১৮৯ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ হাজার ৪৮১ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৩১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৫ হাজার ৮২২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৯৯৪ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ইত্তেফাক/এসআই