স্কুল- কলেজের গণ্ডি সফলতার সাথে অতিক্রম করার পর হাজারো শিক্ষার্থীর
সাথে ভর্তি যুদ্ধে জয়ী হয়ে নিজেদের লালিত স্বপ্নগুলোকে চিরসবুজ করতে ইতিমধ্যে নবীন শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে দিয়েছে। এর ব্যত্যয় ঘটেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও। লাল পাহাড়ের পাদদেশে নৈসর্গিক প্রকৃতির কোলে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের
অনুভূতি জানাচ্ছেন তানভীর আহমেদ রাসেল
সংগীতা চক্রবর্তী
ফার্মেসি বিভাগ
কলেজ লাইফের শেষের দিক থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা শুরু করি। অতঃপর চান্স পেলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের চারদিক জুড়ে পাহাড় আর সবুজের সমারোহে বিমোহিত হলেও ভর্তির পর নতুন পরিবেশে খানিকটা ভয়, উত্কণ্ঠায় ছিলাম। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস, কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। ঠিক যেমনটা স্কুল জীবনের প্রথম ক্লাসে হয়েছিল। অতঃপর বিভাগের শিক্ষকদের আন্তরিকতা, সহপাঠীদের সহযোগিতামূলক মনোভাব ধীরে ধীরেই ক্যাম্পাস লাইফটাকে আনন্দময় করে তুললো। হতে চাই একজন কৃতী শিক্ষার্থী।
ফারজানা আক্তার রিমা
ব্যবস্থাপনা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে লালিত স্বপ্ন পূরণ হল। এখন মনে হচ্ছে এটিই হল আমার অসংখ্য স্বপ্ন বাস্তবতায় পরিণত পাখায় ভর করার এক বিশাল রাজ্য। উন্মুক্ত জ্ঞানচর্চা আর স্বাধীন চিন্তা বিকাশের এ যেন এক বিশাল প্লাটফর্ম। লাল মাটির ক্যাম্পাসের নির্মল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক আচরণ, সিনিয়রদের দায়িত্বশীল আচরণ ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধু-বান্ধব পেয়ে অন্য রকম ভাল লাগা কাজ করছে। সব মিলেয়ে নিজেকে খুব ধন্য ও গর্বিত মনে হচ্ছে।
ফয়সাল আহাম্মদ
লোক প্রশাসন বিভাগ
ভর্সিটিতে প্রথম দিন ক্লাস করতে যাবো। কেমন যেন একটা মিশ্র অনুভূতি টের পাচ্ছিলাম ভেতরে ভেতরে। প্রথমবার স্কুলে যাওয়ার সেই অনুভূতিটা ফিরে ফিরে আসছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়বো কখনো ভাবিনি। আজ সেখানে আমি ছাত্র হিসেবে উপস্থিত। ভার্সিটির বিরাট বিল্ডিংয়ের দিকে তাকাতেই কেমন যেন গর্ব হলো। মনে হলো, আমি বড় হয়েই গেছি। শিক্ষক বন্ধুদের আন্তরিক আচরণ যেন অপরিচিত সবকিছুই চিরচেনা। আমি ভার্সিটির কৃতী শিক্ষার্থীর স্মৃতি হয়ে থাকতে চাই।
রিজবান ফাহিম
অর্থনীতি বিভাগ
বছরের প্রথম দিনেই শুরু লাল মাটির এই সবুজঘেরা ক্যাম্পাসে আমার স্বপ্নযাত্রা। যদিও প্রথম দিন শিক্ষাজীবনের এই নতুন স্তরে প্রবেশের পূর্বমুহূর্তেও মনে কিছু সংশয় ও ভীতি কাজ করছিল। কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়র ভাই-আপুদের আন্তরিকতা আর শ্রদ্ধেয় শিক্ষকদের স্নেহপূর্ণ নির্দেশনায় সে ভীতি-সংশয় নিমিষেই দূরীভূত হয়ে যায়। আশা করি নতুন এক আগামীর প্রত্যয়ে লালিত স্বপ্নগুলোর বাস্তব প্রতিফলন ঘটিয়া দেশ ও জাতীর অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করব।