অতিরিক্ত জোয়ারের পানিতে ইন্দুরকানীর ৩০ গ্রাম প্লাবিত

অতিরিক্ত জোয়ারের পানিতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তিন দিক থেকে নদী বেষ্টিত হওয়ায় বৃহস্পতিবার এ উপজেলার অধিকাংশ গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। ফলে রাস্তাঘাট ডুবে চলাচল বিঘ্নিত হচ্ছে। অধিকাংশ কৃষি ক্ষেত, মাছের ঘের, পুকুর ডুবে গিয়ে কৃষির মারাত্মক ক্ষতি হয়েছে। নদী তীরবর্তী এলাকার ভাঙ্গা বেড়ি বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। প্লাবিত হয়েছে উপজেলার সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র পাড়েরহাট বন্দর। চরখালী-টগড়া ফেরি ঘাটের টগড়া প্রান্তের গ্যাং ওয়ে ডুবে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। 

এছাড়া উপজেলার উমেদপুর, টগড়া, টেংরাখালী, লাহুরী, কালিবাড়ি, চাড়াখালী, ইন্দুরকানী, গাবগাছিয়া, সেউতিবাড়িয়া, কালাইয়া, রামচন্দ্রপুর, ভবানিপুর, ঘোষেরহাট, কালাইয়া, সাঈদখালী, সাঈদখালী চর, ঢেপসাবুনিয়া, চন্ডিপুর, চরবলেশ্বর, বালিপাড়া, কলারন, খোলপটুয়াসহ ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে। অনেক ঘরের চুলাও ডুবে গিয়েছে। 
ইন্দুরকানীর উপজেলা কৃষি অফিসার হুমায়ারা সিদ্দিকা জানান, চলমান মৌসুমে উপজেলার দুই হাজার ১১০ হেক্টর জমিতে আউস ধান, ৪৫৫ হেক্টর আমন বীজ, ২৫০ হেক্টর পরিমান জমিতে আমন ধান রোপিত রয়েছে। যার অধিকাংশ কৃষি ক্ষেত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।  

আরও পড়ুন: ১৬ ঘণ্টা পর মিললো ভাইয়ের লাশ

উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান জানান, নদী তীরের ভাঙ্গা বেড়ি বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে উপজেলার অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে কৃষির মারাত্মক ক্ষতি হচ্ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুত বেড়ি বাঁধ মেরামত ও নির্মাণ করা একান্ত প্রয়োজন। 

ইত্তেফাক/এসি