দুই ব্রোকারেজ হাউজকে ৭ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুইটি ব্রোকারেজ হাউজকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করা হয়। জরিমানার শিকার ব্রোকারেজ হাউজ দুটি হলো—এন ডি সিকিউরিটিজ লিমিটেড এবং ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেড। এর মধ্যে এন ডি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা এবং ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২০১৮ সালের মে মাসের প্রতিবেদনে এন ডি সিকিউরিটিজের বিরুদ্ধে বিভিন্ন আইন লঙ্ঘনের তথ্য উঠে আসে। আর ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে ২০১৭ সালের নভেম্বর মাসের পরিদর্শন প্রতিবেদনে আইন লঙ্ঘনের তথ্য উঠে আসে।