অগ্রণী ব্যাংকের লেনদেন এখন করা যাবে বিকাশে। অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা জমা দেওয়া যাবে। ফলে সারা দেশে অগ্রণী ব্যাংকের ১ কোটিরও বেশি গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরো সহজ, নিরাপদ এবং সময় ও খরচ সাশ্রয়ী। শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে প্রথমবারের মতো এই দ্বিমুখী সেবা চালু করেছে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়ালভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবাকার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকারের সদিচ্ছায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে অগ্রণী ব্যাংকের সেবা বিকাশের মাধ্যমে মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে।