ইংল্যান্ডের লক্ষ্য আরেকটা হোম সিরিজ জয়। আর পাকিস্তানের লক্ষ্য ২০১০ সাল থেকে ইংল্যান্ডে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখা। এ ছাড়া ক্রিকেটীয় অনেক আলোচনা এই টেস্টের আগে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এসব আলোচনা ছাপিয়ে উঠেছে আবহাওয়া।
সাউদাম্পটনে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকেরা। দ্বিতীয় টেস্টে পাঁচ দিন মিলে শ-খানেক ওভারের সামান্য বেশি খেলা হয়েছে। এখন এই শেষ টেস্টেই হবে সিরিজের নিষ্পত্তি। শেষ টেস্ট জিতলে পাকিস্তান অন্তত সিরিজ ড্র করতে পারবে। আর ইংল্যান্ডের সিরিজ জেতার জন্য এই টেস্ট ড্র হওয়াই যথেষ্ট। পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হক অবশ্য বলেছেন, তারা শেষ টেস্ট জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
অবশ্য সাউদাম্পটনের বৃষ্টির পূর্বাভাষ বলছে, পাঁচ দিন জুড়েও এখানে বৃষ্টি চোখ রাঙাবে। ফলে এই টেস্টেও ক্রিকেট কতটা জায়গা নিতে পারবে, সে নিয়ে সন্দেহ আছে। অবশ্য বৃষ্টি ও আলোকস্বল্পতাকে হারানোর জন্য একটা পরিকল্পনাও করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রতিদিনই যেহেতু খেলার শেষ অংশ আলোকস্বল্পতার বিভ্রাটে পড়ছে, তাই আধা ঘণ্টা আগে দিনের খেলা শুরু করার একটা সুযোগ রাখা হয়েছে। ম্যাচ রেফারি চাইলে এটা করতে পারবেন। ইসিবি বিবৃতিতে জানিয়েছে, আইসিসির সঙ্গে এ ব্যাপারে তাদের ইতিবাচক আলাপ হয়েছে।
এই ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের কোচ মিসবাহ বলছিলেন, আগের টেস্টে খেলা না হলেও তারা ইতিবাচক অনেক কিছু পেয়েছেন। আর এই টেস্টটাকে বড় খেলা বলছেন তিনি, ‘আগের টেস্টে আমাদের পেসাররা খুব ভালো বল করেছে। সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। রিজওয়ান দারুণ ব্যাট করেছে। এটা (তৃতীয় টেস্ট) আমাদের জন্য অনেক বড় ম্যাচ। এই ম্যাচটা জিতে আমরা ভালোভাবে সফরটা শেষ করতে চাই।’
২০১০ সাল থেকে ইংল্যান্ডে কোনো সিরিজ হারেনি পাকিস্তান। তারা সেই রেকর্ডটা ধরে রাখতে চাইবে। ইংল্যান্ডের অবশ্য নিজস্ব চ্যালেঞ্জ আছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকার জন্য এই টেস্ট জেতাটা বেশ গুরুত্বপূর্ণ। ২৭৯ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে আছে তারা; প্রথম দুই স্থানে আছে অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়াকে পার করে দ্বিতীয় স্থানে চলে যাবে ইংল্যান্ড।